বিয়ে না করে টালবাহানা, প্রেমিকার হাতে যুবক খুন
কুমিল্লায় বিয়ে না করায় প্রেমিকা নাইমা জাহানের ছুরিকাঘাতে সাইয়েদ আবদুল্লাহ সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৯ জুন) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সিয়াম ওই গ্রামের এনামুল হকের ছেলে।
পুলিশ প্রেমিকা নাইমা জাহান ও সিয়ামের বন্ধু আরিয়ান খান মাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
তথ্যটি নিশ্চিত করে থানার উপ-পরিদর্শক সামছুল আরেফিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
প্রেমিকা নাইমা জাহানের সঙ্গে কথা বলে জানা গেছে, ফরিদপুরের ভাঙ্গা উপজেলার প্রয়াত জলিল মৃধার মেয়ে নাইমা জাহানের সঙ্গে চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষ্মীপুর গ্রামের এনামুল হকের ছেলে সাইয়েদ আবদুল্লাহ সিয়ামের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মধ্যে তারা ঢাকায় আবাসিক হোটেলে কয়েকবার রাত্রিযাপনও করেন।
নাইমা গর্ভধারণ করলে তিন মাসের ভ্রুণ নষ্ট করেন সিয়াম। এ অবস্থায় নাইমা বিয়ের জন্য চাপ দিলে সিয়াম টালবাহানা করতে থাকেন। এর মধ্যে নাইমাকে ২০ হাজার টাকা নিয়ে লক্ষ্মীপুর গ্রামের বাড়িতে আসার জন্য চাপ দেন সিয়াম। টাকা জোগাড় করতে না পেরে সিয়ামের কথা রাখতে নাইমা রোববার রাতে লক্ষ্মীপুর গ্রামে সিয়ামের পুরাতন বাড়িতে আসেন। সেখানে একটি কক্ষে সিয়াম, নাইমা জাহান ও সিয়ামের বন্ধু পার্শ্ববর্তী বাতিসা ইউনিয়নের চাঁন্দকরা গ্রামের আরিয়ান রাত্রিযাপন করেন। ভোরে সিয়াম প্রেমিকা নাইমাকে বাসা থেকে চলে যাওয়ার জন্য বলেন এবং আশপাশের কেউ যেন না দেখে এ বিষয়ে সতর্ক করেন।
এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ঘরে থাকা ছুরি দিয়ে সিয়ামের পেটে আঘাত করেন নাইমা। এ সময় সেখানে সিয়ামের বন্ধু আরিয়ান উপস্থিত ছিলেন। সিয়ামের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে নাইমা ও বন্ধু আরিয়ানকে আটক করে পুলিশে খবর দেন।