রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

Metropolitan Police celebrates 34th anniversary
নিজস্ব প্রতিনিধি:- ০১ জুলাই ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
নিজস্ব প্রতিনিধি:- ০১ জুলাই ২০২৬ ০৬:২৩ অপরাহ্ন
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

 "আমার পুলিশ, আমার দেশ-সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে।

আজ বুধবার (০১ জুলাই ২০২৬) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মো: মিজানুর রহমান মিনু, এমপি মহোদয়। সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলার বিভিন্ন আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ; রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য; রাজশাহীস্থ বিভিন্ন আদালতের বিজ্ঞ বিচারকবৃন্দ; রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক; রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ব্রিগেডিয়ার জেনারেল); ডিআইজি, রাজশাহী রেঞ্জ; রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান; জেলা প্রশাসক, রাজশাহী; পুলিশ সুপার, রাজশাহী; রাজশাহীস্থ এনএসআই ও ডিজিএফআইয়ের প্রধানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; রাজশাহীস্থ বিভিন্ন সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ; রাজশাহী মেট্রোপলিটন পুলিশসহ রাজশাহীস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ; প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ; শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সম্মানিত সুধীজন।

সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য রাজশাহী মহানগর গড়ে তুলতে তিনি মহানগরীর সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী মহোদয় বলেন, রাজশাহী আজ দেশের অন্যতম শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন, সবুজ ও নিরাপদ মহানগরী হিসেবে সুপরিচিত। এই অর্জনের পেছনে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। অপরাধ দমন, সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আরএমপি জনগণের আস্থা ও বিশ্বাসকে আরও সুদৃঢ় করে একটি আধুনিক, মানবিক ও সেবামুখী পুলিশ বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে।

প্রধান অতিথি মহোদয় বেলুন ও ফেস্টুন উড়িয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন শেষে আরএমপির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি আরএমপি সদর দপ্তর থেকে শুরু হয়ে মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়। র‍্যালিতে সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পুলিশ সদস্যগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং সুধীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

র‍্যালিতে সাইবার অপরাধ, গুজব প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, জননিরাপত্তা এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক বিভিন্ন বার্তাসংবলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে। র‍্যালি শেষে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মহোদয়।