৪০-৪৬ ডিগ্রি তাপমাত্রায় খেলতে হতে পারে ব্রাজিল-নরওয়েকে
কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে পরস্পরের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল ও নরওয়ে। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচটি শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না, এটি হতে যাচ্ছে তীব্র তাপপ্রবাহের বিপক্ষে এক কঠিন পরীক্ষাও। নিউ ইয়র্ক এবং নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম এলাকাকে সর্বোচ্চ স্তরের আবহাওয়া সতর্কতায় (লেভেল ৪) রেখেছে দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এক প্রতিবেদনে বলছে, যুক্তরাষ্ট্রের ডালাস, হিউস্টন বা আটলান্টার স্টেডিয়ামগুলোতে অত্যাধুনিক এয়ার কন্ডিশনিং বা শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকলেও নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামটি সম্পূর্ণ উন্মুক্ত। ফলে খোলা আকাশের নিচে বিকেল ৫টার কড়া রোদে এবং ৪৬ ডিগ্রি তাপমাত্রায় ফুটবলারদের মাঠে নামতে হতে পারে।
চিকিৎসকদের মতে, ৪০ ডিগ্রির ওপর এমন তীব্র গরমে ফুটবল খেললে খেলোয়াড়দের হৃদযন্ত্রের ওপর প্রচণ্ড চাপ পড়ে, পেশি সচলতা হারায় এবং মাঠে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ব্যাহত হয়।
চলতি বিশ্বকাপে চরম আবহাওয়া নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’-এর এক জরিপে দেখা গেছে, গ্রুপ পর্বের অন্তত ৯টি ম্যাচ অত্যন্ত বিপজ্জনক আবহাওয়ার মধ্যে খেলা হয়েছে।
ফুটবলারদের বৈশ্বিক ইউনিয়ন ‘ফিফপ্রো’ সাফ জানিয়েছে, তাপমাত্রা, আর্দ্রতা এবং সৌর বিকিরণ বিবেচনা করে তৈরি করা বিশেষ ‘ডব্লিউবিজিটি’ সূচক যদি ২৮ ডিগ্রি অতিক্রম করে, তবে সেই ম্যাচ অবিলম্বে স্থগিত বা বাতিল করা উচিত।
এই তীব্র দাবদাহ শুধু ফুটবলারদেরই নয়, স্টেডিয়ামে আসা হাজার হাজার দর্শকদেরও সমান ঝুঁকিতে ফেলেছে। পার্কিং লট বা স্টেডিয়ামের দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা দর্শকদের ডিহাইড্রেশন (পানিশূন্যতা) এবং হিট স্ট্রোকের প্রবল সম্ভাবনা রয়েছে।