আর্জেন্টিনা ও ব্রাজিল লড়াই করে লাভ হবে না॥ পেটে ভাত পড়তে কাজ করতে হবে: মির্জা ফখরুল

Mirza Fakhrul Islam Alamgir
অনলাইন ডেস্ক ০৩ জুলাই ২০২৬ ০১:২৬ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০৩ জুলাই ২০২৬ ০১:২৬ অপরাহ্ন
আর্জেন্টিনা ও ব্রাজিল লড়াই করে লাভ হবে না॥ পেটে ভাত পড়তে কাজ করতে হবে: মির্জা ফখরুল
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি --সংগৃহীত ছবি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি বলেছেন, আর্জেন্টিনা ও ব্রাজিল লড়াই করে লাভ হবে না, পেটে ভাত পড়তে কাজ করতে হবে। বাবার ওপর বোঝা না হয়ে উদ্ভাবন ও ভালো ব্যবসা করতে হবে যাতে আয়ে উন্নতি হয়।

শুক্রবার (৩ জুলাই) বেলা ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মোলানি বাজার, চুনিহাড়ি পশ্চিমপাড়ায় ‘সলেমান সোলার সেচপাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তরুণদের উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘দেশীয় উদ্ভাবনকে কৃষির উন্নয়নে কাজে লাগাতে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’ সারা দেশে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘প্রযুক্তি ও উদ্ভাবনী সৃষ্টি করে নিজের ও জনগণের আয় বৃদ্ধি করাই উন্নয়ন। যারা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নন তাদের উদ্ভাবনী প্রযুক্তিকে আরো বড় করে জনগণের কাছে পৌঁছে দিতে সরকার পাশে দাঁড়াবে, সহযোগিতা করবে।

দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কৃষকদের সেচ ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে সৌরশক্তিচালিত এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ানো প্রয়োজন।’

তিনি বলেন, ‘বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরো সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।’

অনুষ্ঠানে উদ্বোধনের আগে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং উদ্ভাবক মো. সলেমান আলীর সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলসহ স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।