মোটরসাইকেল চালক ও আরোহীকে হেলমেট ব্যবহারে বিশেষ নির্দেশনা আরএমপি'র
মোটরসাইকেল চালক ও সহযাত্রীর হেলমেট ব্যবহার এবং ট্রাফিক আইন প্রতিপালনে কিছু নির্দেশনা আরোপ করে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজশাহী মহানগর পুলিশ।
শনিবার (৪ জুন)পুলিশ কমিশনার ফয়েজুল কবির স্বাক্ষরিত প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর এলাকায় অধিকাংশ ক্ষেত্রেই মোটরসাইকেল চালক হেলমেটবিহীন অবস্থায় অনিরাপদভাবে চলাচল করছেন। এছাড়া চালক ব্যতীত মোটরসাইকেলে একজনের অধিক সহযাত্রী বহন করা হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে চালক হেলমেট পরিধান করলেও সহযাত্রী হেলমেট ব্যবহার করছেন না। যার ফলে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়ে অনেকে পঙ্গুত্ব বরণসহ প্রাণহানির মতো ঘটনার সম্মুখীন হচ্ছেন।
তাই মোটরসাইকেল চালক ও সহযাত্রী উভয়কেই হেলমেট ব্যবহার করতে হবে এবং একজনের অধিক সহযাত্রী বহন করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে তিন মাসের কারাদন্ড অথবা অনধিক ১০ হাজার টাকা অর্থদন্ড করা হবে। সকল মোটরসাইকেল চালক ও আরোহীকে আইন মেনে সর্বদা হেলমেট ব্যবহার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।