গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল
গণভোটের রায় বাস্তবায়ন, গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
শনিবার বিকেলে নগরের আলুপট্টি মোড় থেকে এই মিছিল বের করা হয়। এটি বিভিন্ন সড়ক ঘুরে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে আলুপট্টি মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গণআন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের পরও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তারা দাবি করেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে জনগণ গণভোটের পক্ষে রায় দিলেও তা এখনো বাস্তবায়ন করা হয়নি। দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন, নতুন সংবিধান প্রণয়ন, জ্বালানি তেল ও গ্যাসের দাম কমানো এবং জনগণের অধিকার নিশ্চিত করার দাবি জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন- রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মো. শাহাদাত হোসেন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী, সদস্য সচিব মো. আতিকুর রহমান প্রমুখ।