অনুমোদনহীন দুই বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর পবা উপজেলায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নওহাটা এলাকার তাজ বেকারী অ্যান্ড কনফেকশনারীকে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের দায়ে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া বায়া বাজার এলাকার সামিউল খালেক বেকারীকে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদন ও বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ এবং সেহরীন তাবাসসুম তিথীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইং কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।
অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।