নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

Call for coordinated initiatives to ensure safe public transport for women
ছোটন সরদার ০৫ জুলাই ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার ০৫ জুলাই ২০২৬ ০৯:৫০ অপরাহ্ন
নারীদের জন্য নিরাপদ  গণপরিবহন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান
নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান

গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা ও যৌন হয়রানি প্রতিরোধ এবং নারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

রোববার (৫ জুলাই) দুপুরে রাজশাহী নগরের অলোকার মোড় এলাকার মাস্টার শেফ রেস্টুরেন্টের কনফারেন্স রুমে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী, হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন এবং ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. মহসিন আলী। সভায় পরিবহন প্রতিনিধি, কমিউনিটি পুলিশ, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়। এর পাশাপাশি সামাজিক সচেতনতা, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং পরিবহনসংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। পরিবহন মালিক-শ্রমিক, যাত্রী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগেই নারীবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচির ব্যবস্থাপক মো. মাইনুল হোসেন কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, গবেষণাভিত্তিক পরিকল্পনা, নিয়মিত প্রশিক্ষণ ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে জেন্ডার সংবেদনশীল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সময়ের দাবি।

মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্ট লিড নাজমুল হক। তিনি বলেন, গণপরিবহনে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর অভিযোগ গ্রহণ ব্যবস্থা, দ্রুত প্রতিকার এবং নিয়মিত মনিটরিং জোরদার করতে হবে, যাতে নারী যাত্রীরা সহজে অভিযোগ জানাতে ও দ্রুত সহায়তা পেতে পারেন।

সভায় সড়ক নিরাপত্তা, যৌন হয়রানি প্রতিরোধ, হাইকোর্টের নির্দেশনা এবং জাতীয় হেল্পলাইন সেবা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়, যা ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান, গণপরিবহন, কর্মক্ষেত্র, পাবলিক স্পেস ও ডিজিটাল প্ল্যাটফর্মে নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে।

মুক্ত আলোচনায় বক্তব্য দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মোসা. আরজিনা খাতুন, বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাসুমা মুস্তারী, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিন, রাজশাহী সিটি করপোরেশনের নগর পরিকল্পনাবিদ বনি আহসান, সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল রাজশাহীর মহাসচিব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম আরিফ এবং নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি ওয়ালিউর রহমান বাবুসহ অন্যরা।

সভা শেষে নারীবান্ধব সহায়তা ডেস্ক স্থাপন, অভিযোগ ব্যবস্থাপনা শক্তিশালীকরণ এবং গণপরিবহনে জেন্ডার সংবেদনশীল আচরণ নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।