সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিয়ে যা বললেন মেসি

Lionel Messi
অনলাইন ডেস্ক ০৭ জুলাই ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ০৭ জুলাই ২০২৬ ০৬:৫৮ অপরাহ্ন
সাফল্যের কৃতিত্ব সতীর্থদের দিয়ে যা বললেন মেসি
--সংগৃহীত ছবি

বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি এখনও আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা। তবে অধিনায়ক নিজে মনে করেন, তার এই দীর্ঘ পথচলার পেছনে সবচেয়ে বড় অবদান সতীর্থদের। মাঠে যেমন নেতৃত্ব দেন, ড্রেসিংরুমেও তেমনি সবাইকে আপন করে নেওয়া মেসি এবার প্রকাশ করলেন দলের প্রতি নিজের গভীর কৃতজ্ঞতা।

মিশরের বিপক্ষে শেষ ষোলোর লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, বর্তমান দলটির সঙ্গে খেলতে পারাটা তার জন্য বিশেষ আনন্দের। সতীর্থদের ভালোবাসা ও সমর্থনই তাকে এখনও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার শক্তি জোগায়।

মেসি বলেন, 'সত্যি বলতে, আমি আমার সতীর্থদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ এবং তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পেরে আমি খুবই আনন্দিত। তারা আমার বন্ধু। এটি খুব সুন্দর এবং খুব ঐক্যবদ্ধ একটি দল। তাদের কাছ থেকে এত ভালোবাসা ও স্নেহপূর্ণ কথা শুনতে আমার খুব ভালো লাগে।'

বিনয়ের সঙ্গে কথা বললেও বাস্তবতা হলো, এই আর্জেন্টিনা দলের প্রাণভোমরা এখনও মেসিই। ৩৯ বছর বয়সেও বিশ্বকাপে দারুণ ছন্দে আছেন তিনি। চার ম্যাচে সাত গোল করে এখন পর্যন্ত যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাদের একজন। এক ম্যাচ বেশি খেলে সমান সাত গোল করেছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও নরওয়ের আর্লিং হলান্ড।

নিজের সাফল্যের পেছনে দলের অবদান কতটা গুরুত্বপূর্ণ, সেটিও মনে করিয়ে দিয়েছেন মেসি, 'এই দল এবং এই সতীর্থদের কারণেই আমি আজ আরেকটি বিশ্বকাপে থাকতে পেরেছি এবং এখনও প্রতিদ্বন্দ্বিতা করে যেতে পারছি।'

দীর্ঘ ক্যারিয়ারের এই পর্যায়েও সতীর্থদের সহযোগিতা তাকে বাড়তি শক্তি দেয় বলে মনে করেন আর্জেন্টাইন অধিনায়ক, 'আমি জানি তারা বাড়তি চেষ্টা করে যাতে আমি প্রতিযোগিতা চালিয়ে যেতে পারি। আর তারা এটা হৃদয় থেকে করে, কারণ তারা সত্যিই সেটাই অনুভব করে।'