রুয়েটের নির্মাণাধীন ভবনের সংযোগ তার চুরি, আটক ১

Theft of connection cable from a building under construction
নিজস্ব প্রতিনিধি :- ০৭ জুলাই ২০২৬ ০৮:৪৩ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি :- ০৭ জুলাই ২০২৬ ০৮:৪৩ অপরাহ্ন
রুয়েটের নির্মাণাধীন ভবনের  সংযোগ তার চুরি, আটক ১
--সংগৃহীত ছবি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নির্মাণাধীন ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং (ইসিই) ভবনে বৈদ্যুতিক তার চুরির সময় এক চোরকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে সংঘটিত এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অর্ধ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, নির্মাণাধীন ইসিই ভবনের অবকাঠামোগত কাজ শেষ হওয়ার পর বর্তমানে ভবনটিতে বৈদ্যুতিক সংযোগের কাজ চলছিল। এ সুযোগে রাজশাহী মহানগরের বোয়ালিয়া থানাধীন উপর ভদ্রা জামালপুর এলাকার বাসিন্দা মো. মমতাজ আলীর ছেলে মো. রাজা (২৫) ভবনের বৈদ্যুতিক তার কেটে চুরি করে পালানোর চেষ্টা করেন। বিকেল সাড়ে ৫টার দিকে চুরিকৃত তার নিয়ে ভবন এলাকা ত্যাগের সময় দায়িত্বরত আনসার সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে মতিহার থানায় সোপর্দ করা হয়। রিপোর্ট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান ছিল।

এ বিষয়ে রুয়েটের নিরাপত্তা শাখার প্রধান মো. আবুল হাশেম বলেন, "নির্মাণাধীন ইসিই ভবনের ইলেকট্রিসিটির কাজ চলমান ছিল। একজন বহিরাগত বৈদ্যুতিক তার কেটে চুরি করে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ে। পরবর্তীতে তাকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।"

বিশ্ববিদ্যালয় সূত্রে আরও জানা যায়, আটক হওয়া একই ব্যক্তি এর আগেও প্রায় সাত থেকে আট মাস আগে রুয়েটের প্রাচীরসংলগ্ন এলাকায় চুরির চেষ্টা করতে গিয়ে ধরা পড়েছিলেন।

সাম্প্রতিক সময়ে রুয়েটে একাধিক বৃহৎ নির্মাণকাজ চলমান থাকায় বহিরাগতদের মাধ্যমে চৌর্যবৃত্তির ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, নির্মাণাধীন প্রকল্পগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, বহিরাগতদের প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত নিরাপত্তাকর্মী নিয়োগের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা এখন সময়ের দাবি।