চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে ৪ ছাত্রদল নেতা- কর্মীর বিরুদ্ধে মামলা

Allegations of extortion and assault
নিজস্ব প্রতিবেদক: ০৯ জুলাই ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক: ০৯ জুলাই ২০২৬ ০৪:৩৮ অপরাহ্ন
চাঁদাবাজি ও মারপিটের  অভিযোগে ৪ ছাত্রদল নেতা- কর্মীর বিরুদ্ধে মামলা
রাজশাহীতে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক কলেজছাত্রকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে।

রাজশাহীতে জোরপূর্বক চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক কলেজছাত্রকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েক নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. শাহীন আলী শাহ মাখদুম থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহারে জানা যায়, গত শুক্রবার (৩ জুলাই) জুমার নামাজের আগে শাহমাখদুম থানাী মোড়ের একটি মোবাইল ব্যাংকিংয়ের দোকানে টাকা লেনদেন করতে যান রাজশাহী কলেজের ছাত্র ও রাজশাহী রুকইয়াহ অ্যান্ড হিজামা সেন্টারের পরিচালক মো. শাহীন আলী। সেখানে তিনি দেখতে পান, কয়েকজন যুবক এক বৃদ্ধকে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করছে। 

এ সময় শাহীন ঘটনাটির প্রতিবাদ করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণের চেষ্টা করলে অভিযুক্তরা তার ফোন ছিনিয়ে নিয়ে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন।এসময় তার প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনটি ভেঙে ফেলা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

মঙ্গলবার (৭ জুলাই)হাসপাতালে চিকিৎসা শেষে, শাহীন শাহ মাখদুম থানায় মামলা দায়ের করেন। মামলায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি শাকিল মন্ডল (আহাদ), যুবদল কর্মী মো. পলাশ, ছাত্রদল কর্মী মো. আজিজুল ইসলাম এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে। মামলার নম্বর-০৫।

ভুক্তভোগী শাহীন আলী বলেন, “অন্যায়ের প্রতিবাদ করাই আমার অপরাধ। এক বৃদ্ধের কাছ থেকে জোর করে চাঁদা আদায় করা হচ্ছিল। একজন সচেতন নাগরিক হিসেবে আমি প্রতিবাদ করেছি। এর জেরে আমাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এদিকে চাঁদাবাজির শিকার দুলাল মন্ডল দাবি করেন, তাকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে মেয়ের মাধ্যমে বিকাশে টাকা এনে দিতে বাধ্য করা হয়। অভিযুক্তরা তার জাতীয় পরিচয়পত্রের ছবিও ( ফটোকপি)রেখে দেয় বলে অভিযোগ করেন তিনি।

অভিযুক্ত শাকিল মন্ডল আহাদের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

শাহ মাখদুম থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল আলীম বলেন, প্রাথমিক তদন্তে মারধরের ঘটনার সত্যতা পাওয়ায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।এছাড়া ঘটনার প্রকৃত কারণ ও চাঁদাবাজির অভিযোগের সত্যতা তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।