বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে

cricket
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ০৯ জুলাই ২০২৬ ০৫:৫৯ অপরাহ্ন
বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
--সংগৃহীত ছবি

গত ম্যাচে দেড়শর আগে জিম্বাবুয়েকে অলআউট করেও সেই রান তাড়া করে জিততে পারেনি বাংলাদেশ। সেই তুলনায় আজ বড় সংগ্রহই পেয়েছে স্বাগতিকরা। এক সময় দুইশ রানও অনেক দূরে মনে হলেও শেষ পর্যন্ত বেন কারানের দুর্দান্ত সেঞ্চুরিতে সেটা সহজেই পেরিয়ে গেছে রোডেশিয়ানরা।

হারারেতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে অপরাজিত ১১১ রান করেছেন কারান।

ব্যাটিংয়ে জিম্বাবুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। আজও নতুন বলে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দলকে ব্রেকথ্রু এনে দেন। তৃতীয় ওভারে ফিরে ইনোসেন্ট কাইয়াকেও ফিরিয়েছেন তাসকিন। 

তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ৯ম ওভারে উইকেট পেয়েছেন নাহিদ রানা। ৯ রান করা ক্রেগ আরভিনকে বোল্ড করেছেন এই প্রিমিয়াম পেসার। পাঁচে নেমে ব্যর্থ হয়েছেন ওয়েসলি মাদেভারেও। ৩০ বল খেলে ১৫ রানের বেশি করতে পারেননি তিনি। তাতে ৬৬ রানে চতুর্থ উইকেট হারায় জিম্বাবুয়ে।

দলের এমন বিপর্যয়ে হাল ধরেন সিকান্দার রাজা ও বেন কারান। দুজনের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়ায় রোডেশিয়ানরা। তবে উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি রাজা। ৩৩ রান করে মিরাজের শিকার হয়েছেন তিনি।

এরপর ক্লাইভ মাদান্দে দ্রুত ফিরলেও সপ্তম উইকেট জুটিতে দুর্দান্ত ব্যাটিং করেন কারান ও ব্রাড ইভান্স। কারান ১২২ বলে সেঞ্চুরি স্পর্শ করেন। আর ইভান্স ফিফটি করেছেন মাত্র ৩৬ বলে। সবমিলিয়ে কারান করেন অপরাজিত ১১১ রান, আর ইভান্সের ব্যাট থেকে এসেছে অপরাজিত ৫৮ রান।