কোটচাঁদপুর স্টেশন মাস্টারের উপর হামলা কারিদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন
ঝিনাইদহের কোটচাঁদপুর রেলষ্টেশনের সহকারী ষ্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা। হামলাকারীদেরব ৪৮ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হলে রেল অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে তারা।
শনিবার(১১জুলাই)কোটচাঁদপুর রেল ষ্টেশন চত্বরে এই কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, কোটচাঁদপুর রেল ষ্টেশনে দায়িত্ব পালনকালে সহকারী ষ্টেশন মাস্টার মনিদেব দাসকে এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা মারধর ও সরকারি কাজে বাধা দেয়।এবিষয়ে খুলনা রেলওয়ে থানায় মামলা দেয়া হয়েছে।
কোটচাঁদপুর ষ্টেশন মাস্টার মোশারফ হোসেন জানান, আলামিন ও তানভীর নামের এক ব্যক্তি পৌরসভা থেকে কোটচাদপুর রেল ষ্টেশন সংলগ্ন কাচা বাজারের ইজারা নিয়েছেন, কিন্তু তিনি প্লাটফর্মের ওপরে যাত্রীদের বহনকরা মালামালের ওপরও জোর পূর্বক খাজনা আদায় করেন। এই বিষয়ে তাকে নিষেধ করা হলে তা মানেন না।
কয়েকদিন আগে এই বিষয়ে কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেয়া হয়। এই অভিযোগ দেয়ার কারণে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে সহকারী ষ্টেশন মাস্টার মনিদেব দাসের ওপর মনোয়ার হোসেন, আলামিন ও তার ছেলে তানভিরসহ কয়েকজন অতির্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। সহকর্মীরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।
সহকারী ষ্টেশন মাস্টার মনিদেব বলেন, ইউএনও'র কাছে অভিযোগ দেয়ার পরে, এক নারী যাত্রীর অভিযোগ পেয়ে বিষয়টি শুনতে গেলে তার ওপর হামলা করে মনোয়ার হোসেন আলামিন ও তার লোকজন। এই ঘটনায় খুলনা জিআরপি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মনোয়ার হোসেন ও আলামিন বলেন , আমার ষ্টেশনের সাথেই একটি দোকান আছে এবং আমি পৌরসভা থেকে রেলষ্টেশন বাজারের ইজারা নিয়েছি। সহকারী ষ্টেশন মাস্টার ষ্টেশনে যাতায়াতকারী ব্যবসায়ীদের কাছে চাদা আদায় করে। আমি সেটার প্রতিবাদ করেছি। ব্যবসায়ীরাই তাকে মেরেছে।
মানববন্ধনে বাংলাদেশ রেলওয়ে ষ্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত, পাকশী রেলওয়ে ষ্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মির্জা কামরুল হক , যুগ্ন-সম্পাদক আশিক আহমেদ, যুগ্ন সম্পাদক-২ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক উত্তর আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক দক্ষিন জহিরুল ইসলাম, যশোর ষ্টেশন মাস্টার সাইদুর রহমান, কোটচাঁদপুর ষ্টেশন মাস্টার মোশারফ হোসেনসহ পাকশী বিভাগের সকল রেল ষ্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।