ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

Hit by a train
অনলাইন ডেস্ক ১২ জুলাই ২০২৬ ০৬:২০ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ১২ জুলাই ২০২৬ ০৬:২০ অপরাহ্ন
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের
--সংগৃহীত ছবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে ফুটবল ম্যাচ দেখতে দেখতে রেললাইনের পাশ দিয়ে হাঁটার সময় বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রুবেল মোল্লা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। হেডফোন ব্যবহারের কারণে তিনি ট্রেনের হুইসেল শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয়রা।

রোববার (১২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের বর্ধণগাছা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল মোল্লা উপজেলার বর্ধণগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে রুবেল কানে হেডফোন লাগিয়ে মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখতে দেখতে রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ কারণে তিনি ট্রেনের শব্দ বা হুইসেল শুনতে পাননি। একপর্যায়ে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।