ডেঙ্গুতে আক্রান্ত বাপা নেতা জামাত খান, দ্রুত আরোগ্য কামনা
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি মো. জামাত খান ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করেছেন বাপার নেতৃবৃন্দ, পরিবারের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২ জুলাই) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনি রাজশাহীর খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে ভর্তি হন। বর্তমানে হাসপাতালের ২৭ নম্বর কেবিনে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। অসুস্থতার খবর পেয়ে বাপা রাজশাহী জেলা শাখার পরিবেশবাদী নেতৃবৃন্দ হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানান। বাপা রাজশাহী জেলার সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, পবা উপজেলা শাখার সভাপতি মোসা. রহিমা বেগম, সহসভাপতি হাসিনুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী চৌধুরী, জেলা সদস্য রায়হান সম্রাটসহ জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ তাঁর দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন।
দীর্ঘদিন ধরে মো. জামাত খান রাজশাহীর পরিবেশ, প্রাণ-প্রকৃতি ও জনস্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন, নদী ভাঙনের হাত থেকে রাজশাহী নগর রক্ষা, গ্যাস সরবরাহ নিশ্চিত করা, চিকিৎসাসেবার উন্নয়ন এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার মতো বিভিন্ন সামাজিক ও নাগরিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
তিনি রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত থেকে দীর্ঘদিন ধরে রাজশাহীর সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন। পরিবেশ ও সামাজিক অধিকার রক্ষায় তাঁর দীর্ঘদিনের ভূমিকার কারণে রাজশাহীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি পরিচিত মুখ। তাঁর অসুস্থতার খবরে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন।