ভুমিষ্ট শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা

Attack on doctor
নিজস্ব প্রতিনিধি:- ১২ জুলাই ২০২৬ ০৯:০২ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিনিধি:- ১২ জুলাই ২০২৬ ০৯:০২ অপরাহ্ন
ভুমিষ্ট শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসকের ওপর হামলা
নাটোরে সদ্য ভুমিষ্ট শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মা ও শিশু সদনের চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর করেছে রোগীর স্বজনরা।--সংগৃহীত ছবি

নাটোরে সদ্য ভুমিষ্ট শিশুর মৃত্যুকে কেন্দ্র করে মা ও শিশু সদনের চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুর করেছে রোগীর স্বজনরা। রোববার(১২ জুলাই) দুপুরে পৌর শহরের আলাইপুর এলাকায় ঘটনাটি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। 

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে আগদিঘা পশ্চিমপাড়া গ্রামের বাবু হোসেনের অন্তঃস্বত্ত্বা স্ত্রী রুমি বেগমকে শিশু সদনে ভর্তি করা হয়। পরে রুমির প্রসব যন্ত্রণা শুরু হলে চিকিৎসক জানান শিশুটি অপরিপক্ক এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় পেটের মধ্যে রয়েছে। পরে দ্রুত স্বাভাবিক প্রসব করানো হয়। 

ভুমিষ্ট নবজাতকের শরীরে অক্সিজেন সমস্যা থাকায় স্থানীয় জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

শিশুর মৃত সংবাদ পেয়ে নবজাতকের স্বজনরা উত্তেজিত হয়ে মা ও শিশু সদনে গিয়ে কর্তব্যরত এক চিকিৎসকের ওপর হামলা মারপিটসহ জানালার ও টেবিলের কাঁচ ভাঙচুর করে। 

মা ও শিশু সদনের মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান  বলেন, নবজাতকের মৃত্যুর বিষয়টি তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্তে যে দোষী হবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।