বাংলাদেশের মানুষ শুধু প্রেম দেখতে পাচ্ছে, পরিবর্তন দেখতে পায়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১৩ জুলাই ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন সারা বাংলা
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): ১৩ জুলাই ২০২৬ ০৯:৩৯ অপরাহ্ন
বাংলাদেশের মানুষ শুধু প্রেম দেখতে পাচ্ছে, পরিবর্তন দেখতে পায়নি: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ):

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “বাংলাদেশের মানুষ শুধু প্রেম দেখতে পাচ্ছে, বাংলাদেশের আর কোনো পরিবর্তন দেখতে পায়নি।”

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর বদলগাছী ডাকবাংলো মোড়ে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি সরকার ও হাওয়া ভবন প্রসঙ্গে সমালোচনা করে বলেন, “হাওয়া ভবনের যারা গ্যাং এবং যারা উশৃঙ্খল যুবক, তারা এখন বাংলাদেশে এসে ক্ষমতায় বসেছে। এই উশৃঙ্খল যুবকদের হাতে বাংলাদেশ আমরা নিরাপদ মনে করি না।” তিনি এসব মন্তব্য নিজের রাজনৈতিক বক্তব্য হিসেবে উপস্থাপন করেন।

তিনি আরও বলেন, “বন্যায় গরু ডুবে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে। অথচ প্রধানমন্ত্রী সেখানে না গিয়ে বরিশালে গেছেন। এর আগের দিন তিনি ঢাকা মেডিকেলে গিয়ে জোবাইদা রহমানের সঙ্গে সেলফি তুলেছেন।”


প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আপনাকে আমরা ভোট দিয়েছি সংস্কার বাস্তবায়নের জন্য, বিচার করার জন্য, আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসীদের শায়েস্তা করার জন্য এবং বন্যাদুর্গত এলাকায় যাওয়ার জন্য। আপনাকে লাল বাসে ঘুরে ঘুরে প্রেম করার জন্য মানুষ প্রধানমন্ত্রী বানায়নি।”

এইচএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “বন্যার কারণে অনেক পরীক্ষার্থী সাঁতার কেটে পরীক্ষা দিতে যাচ্ছে। সরকার চাইলে পরীক্ষা একদিন স্থগিত করতে পারত অথবা বিকল্প কেন্দ্রে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে পারত।”

তিনি আরও বলেন, “যদি শিক্ষা প্রতিমন্ত্রী মাঠে গিয়ে নৌকার ব্যবস্থা করতেন বা পানিবেষ্টিত এলাকায় কেন্দ্র পরিবর্তনের ব্যবস্থা করতেন, তাহলে শিক্ষার্থীরা অনেক স্বস্তি পেত।”

স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে এনসিপির এই নেতা বলেন, “বাংলাদেশের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হলে উশৃঙ্খল যুবকদের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে এবং সজ্জন ও তরুণদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে।”

এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ অন্য নেতারা।



এসআইএল/বিবিএন