শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Demand for the resignation of the Education Minister
অনলাইন ডেস্ক ১৪ জুলাই ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৪ জুলাই ২০২৬ ১২:৫৪ অপরাহ্ন
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে  শিক্ষার্থীদের সড়ক অবরোধ
শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। --সংগৃহীত ছবি

শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে রাজধানীর একাধিক স্থানে সড়ক অবরোধ করে মিছিল ও মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান, সাম্প্রতিক বৃষ্টিজনিত ভোগান্তি ও পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করা হয়েছে অভিযোগ তুলে প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

একই সময়ে রাজধানীর উত্তরায় বিএনএস সেন্টারের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’, ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি’ স্লোগান দিতে শোনা যায়। তারা বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনা না করে পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা। 

শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থীকে পানি, কাদা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে কেন্দ্রে পৌঁছেছেন। এতে পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক চাপের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে।

তারা বলেন, যতদিন জলাবদ্ধতা থাকবে, যতদিন বন্যা পরিস্থিতি থাকবে এবং আবহাওয়া পরীক্ষার অনুকূলে না আসবে, ততদিন পরীক্ষা স্থগিত রাখার দাবি জানিয়েছিলাম। কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনা করেননি।

আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান নিয়েও তাদের আপত্তি রয়েছে। তারা বলেন, কঠিন প্রশ্ন নিয়ে তাদের আপত্তি নেই, তবে শিক্ষার্থীরা যে পরিবেশে প্রস্তুতি নিয়েছে সেই অনুযায়ী মূল্যায়ন হওয়া উচিত।

শিক্ষার্থীরা জানান, তারা মোট আট দফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছেন। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে-শিক্ষামন্ত্রীকে নিজের ব্যর্থতার দায় স্বীকার করে শিক্ষক-শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে হবে, পরীক্ষা নিয়ে কোনো ধরনের ‘গবেষণা’ বন্ধ করতে হবে, দেশের পরিস্থিতি ও পরীক্ষা কেন্দ্র উপযোগী না হওয়া পর্যন্ত পরীক্ষা স্থগিত রাখতে হবে।

এদিকে, এদিন রাজধানীর শাহবাগ ও মিরপুরেও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন পরীক্ষার্থীরা। পাশাপাশি ঢাকার বাইরে রাজশাহী, বরিশাল, ‍কুমিল্লা, চট্টগ্রাম বোর্ডের সামনেও অবরোধ ও বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন তারা। তবে দুপুর পর্যন্ত অন্য কোথায় আন্দোলনের খবর পাওয়া যায়নি।