রুয়েটে ‘ইউরোপে প্রকৌশলীদের সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) যন্ত্রকৌশল বিভাগের উদ্যোগে ‘ইউরোপে প্রকৌশলীদের সম্ভাবনা’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) বিকেলে বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারে বিদেশে উচ্চশিক্ষা, গবেষণা, স্কলারশিপ এবং আন্তর্জাতিক ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সেমিনারের মূল বক্তা ছিলেন রুয়েটের যন্ত্রকৌশল বিভাগের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী আনান আশরাবি অনন্য। বর্তমানে তিনি সুইডেনের Linköping University-তে Industrial Optimization বিষয়ে পিএইচডি গবেষক হিসেবে কর্মরত। পাশাপাশি সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান Norrminds-এ Optimization and AI Consultant হিসেবে দায়িত্ব পালন করছেন।
অনুষ্ঠানে যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মেহেদী হাসান মাসুদ, সহকারী অধ্যাপক মিম মাশরুর আহমেদসহ বিভাগের অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
সেমিনারে বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় নির্বাচন, গবেষণার ক্ষেত্র, স্কলারশিপের সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং উচ্চশিক্ষা-পরবর্তী ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে প্রকৌশল শিক্ষার্থীদের জন্য মাস্টার্স ও পিএইচডির বিভিন্ন গবেষণাক্ষেত্র, আন্তর্জাতিক মানের গবেষণা প্রোফাইল তৈরির কৌশল এবং গবেষণার বিষয় নির্বাচন সম্পর্কে বাস্তবভিত্তিক দিকনির্দেশনা দেওয়া হয়।
আনান আশরাবি অনন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা, গবেষণার পরিবেশ, অর্থায়ন এবং জীবনযাত্রার বিভিন্ন দিক তুলনামূলকভাবে তুলে ধরেন। পাশাপাশি সুইডেনে উচ্চশিক্ষা ও গবেষণার অভিজ্ঞতা শেয়ার করে সেখানে পিএইচডি গবেষকদের জন্য বিদ্যমান আর্থিক সুবিধা, গবেষণা অনুদান, কর্মপরিবেশ ও জীবনমান সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন।
এছাড়া বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় একাডেমিক ফলাফল, গবেষণার অভিজ্ঞতা, ইংরেজি ভাষায় দক্ষতা, জীবনবৃত্তান্ত (সিভি) ও স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) প্রস্তুত, সম্ভাব্য সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ এবং স্কলারশিপ অর্জনের কার্যকর কৌশল নিয়েও আলোচনা করা হয়।
শেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা উচ্চশিক্ষা, গবেষণা, স্কলারশিপ, বিশ্ববিদ্যালয় নির্বাচন এবং বিদেশে শিক্ষাজীবন নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। বক্তা বাস্তব অভিজ্ঞতার আলোকে তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করবে এবং বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের বাস্তবসম্মত প্রস্তুতি গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।