আর্জেন্টিনাকে যে শাস্তি দিতে পারে ফিফা

2026 FIFA World Cup
অনলাইন ডেস্ক ১৬ জুলাই ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন খেলা
অনলাইন ডেস্ক ১৬ জুলাই ২০২৬ ০৫:৫৩ অপরাহ্ন
আর্জেন্টিনাকে যে শাস্তি দিতে পারে ফিফা
--সংগৃহীত ছবি

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার পর উদযাপনে মেতেছিল আর্জেন্টাইন ফুটবলাররা। তবে সেই উদযাপনে রাজনৈতিক বার্তা সম্বলিত ব্যানার প্রদর্শন করেন চ্যাম্পিয়ন দলের কয়েকজন ফুটবলার। ফিফার নিয়ম ভেঙে মাঠে এমন বার্তা প্রদানের জন্য শাস্তির কবলে পড়তে পারে লিওনেল মেসির দল।

বুধবার বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর মাঠেই উদযাপনে মেতে ওঠে আর্জেন্টিনা। সেই সময় দলের কয়েকজন খেলোয়াড় হাতে তুলে নেন “Las Malvinas son Argentinas” লেখা একটি ব্যানার। এর অর্থ, ‘ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধ রয়েছে। ১৯৮২ সালে এই দ্বীপকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে ৭৪ দিনের যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধে ৬৫৫ জন আর্জেন্টাইন সেনা, ২৫৫ জন ব্রিটিশ সেনা এবং দ্বীপপুঞ্জের তিন বাসিন্দা নিহত হন। এবার মাঠে সেই ইস্যু নিয়ে ফের বার্তা দিল আর্জেন্টাইন ফুটবলাররা।

আন্তর্জাতিক ম্যাচে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত কোনো বার্তা প্রদর্শনের বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের পোশাক, সরঞ্জাম বা উদযাপনের অংশ হিসেবে এ ধরনের কোনো স্লোগান, বার্তা বা প্রতীক ব্যবহার করা নিষিদ্ধ।

ফিফার নিয়মে বলা আছে, এমন কোনো ঘটনা ঘটলে খেলোয়াড়, দল কিংবা সংশ্লিষ্ট জাতীয় ফুটবল সংস্থাকে শাস্তি দিতে পারে প্রতিযোগিতা আয়োজক বা ফিফা।

এর আগে ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই বার্তা লেখা ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড জরিমানা করেছিল ফিফা। এবারের ঘটনায় ফিফা কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন দেখার বিষয়।