জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমগ্র বাঙালি জাতির অহংকার : ভূমিমন্ত্রী
‘নজরুল কেবল আমাদের গর্ব নন, তিনি মুসলিম রেনেসাঁর এক অনন্য রূপকার।এছাড়া ’জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের নন, সমগ্র বাঙালি জাতির অহংকার বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
শনিবার(১৮জুলাই) বেলা ১১টায় রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানার বিপরীতে নবনির্মিত ‘নজরুল ভিলেজ’র ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
এ সময় তিনি আরও বলেছেন, ‘নজরুলের সাহিত্য, সংগীত ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে রাজশাহীতে প্রতিষ্ঠিত ‘নজরুল ভিলেজ’ গবেষণা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের নতুন কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ভূমিমন্ত্রী বললেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের নন, সমগ্র বাঙালি জাতির অহংকার। তার রচিত রণসংগীত ‘চল চল চল’ বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১১টি দেশে পরিবেশিত হয়। ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, আফগানিস্তান ও ইরানসহ বিভিন্ন দেশে এ গান আজও অনুপ্রেরণার উৎস হিসেবে সমাদৃত।
তিনি জানালেন, রাজশাহীতে ‘নজরুল ভিলেজ’ প্রতিষ্ঠার মাধ্যমে নজরুল গবেষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হবে। একই সঙ্গে স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম জাতীয় কবির সাহিত্য, সংগীত ও দর্শনের সঙ্গে নিবিড়ভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে।
ভূমিমন্ত্রী আরও জানালেন, প্রকল্পের সব কাজ শেষ হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাজশাহীতে এনে এর আনুষ্ঠানিক উদ্বোধনের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি জাতীয় কবির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, সুধীসমাজ এবং সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।