আবারো নেসকোর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের উদ্যোগ

আবুল কালাম আজাদ,রাজশাহী ব্যুরোঃ ১৯ জুলাই ২০২৬ ০৮:০০ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ,রাজশাহী ব্যুরোঃ ১৯ জুলাই ২০২৬ ০৮:০০ অপরাহ্ন
আবারো নেসকোর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের   উদ্যোগ
ছবি - বিজয় বাংলা

‎নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-এর সদর দপ্তর রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের আলোচনা আবারও সামনে এসেছে। এমন উদ্যোগ বাস্তবায়িত হলে এটি শুধু একটি প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের বিষয় হবে না; বরং রাজশাহী অঞ্চলের প্রশাসনিক ও অর্থনৈতিক গুরুত্ব কমিয়ে দেওয়ার আশঙ্কাও তৈরি করবে।

গত ১৬ জুলাই, ব্যবস্থাপনা পরিচালক নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)এর নিকট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগ কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা এর সিনিয়র সহকারী সচিব শেখ মেজবাহ উল সাবেরিনের স্বাক্ষরিত পত্র যার স্মারকনম্বর:২৭.০০,০০০০,০৮৮,৯৯,০২০.১৬-৩১২ তে বলা হয়েছে,বলা হয়েছে,নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই (নেসকো) পিএলসি-এর প্রধান কার্যালয় (হেড অফিস) রাজশাহী হতে বগুড়ায় স্থানান্তরের বিষয়ে কার্যক্রম গ্রহণের জন্য এর আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করা প্রয়োজন। এ প্রেক্ষিতে উক্ত অফিস স্থানান্তরের ফলে আর্থিক ও প্রশাসনিক প্রভাবসমূহ সুষ্ঠুভাবে উল্লেখপূর্বক মতামত প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

‎যদি সত্যিই বিকেন্দ্রীকরণের নীতি অনুসরণ করা হয়, তাহলে শুধু নেসকো নয়—ঢাকাকেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সদর দপ্তরও প্রয়োজন ও বাস্তবতার আলোকে দেশের বিভিন্ন অঞ্চলে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা উচিত। কৃষি ব্যাংকের প্রধান কার্যালয়, খামারবাড়ি এবং নৌবাহিনীর সদর দপ্তরসহ যেসব প্রতিষ্ঠান ঢাকার বাইরে থাকলেও কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব, সেগুলোর ক্ষেত্রেও একই নীতি অনুসরণ করা প্রয়োজন।


‎অন্যদিকে, রাজশাহী বিভাগের বিভিন্ন আঞ্চলিক দপ্তর ইতোমধ্যে বগুড়ায় স্থানান্তরিত হয়েছে। যদি ভৌগোলিক কেন্দ্র বিবেচনায় প্রশাসনিক পুনর্বিন্যাসের প্রয়োজন দেখা দেয়, তাহলে বিভাগের মধ্যবর্তী অবস্থানের কারণে নাটোরকে বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে। 

কিন্তু বারবার রাজশাহীর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ও দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ এ অঞ্চলের মানুষের মধ্যে বৈষম্যের অনুভূতি সৃষ্টি করছে।

‎শুধু একটি চিঠি বা একক সুপারিশের ভিত্তিতে নেসকোর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হলে তা স্বচ্ছতা, যৌক্তিকতা ও জনস্বার্থের প্রশ্নের মুখে পড়বে। এমন সিদ্ধান্তের আগে সংশ্লিষ্ট অংশীজন, বিশেষজ্ঞ এবং স্থানীয় জনগণের মতামত গ্রহণ করা জরুরি।

‎রাজশাহীর মানুষ জানতে চান—আর কতবার তাদের প্রাপ্য মর্যাদা ও প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হবে? উন্নয়নের নামে যেন কোনো অঞ্চলকে বারবার বঞ্চিত করা না হয়, সেটিই সবার প্রত্যাশা।