কারাগার থেকে পালানো সেই নারী বন্দি র‍্যাবের হাতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ১৯ জুলাই ২০২৬ ০৯:১২ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ১৯ জুলাই ২০২৬ ০৯:১২ অপরাহ্ন
কারাগার থেকে পালানো সেই নারী বন্দি র‍্যাবের হাতে গ্রেপ্তার
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব।--সংগৃহীত ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাব। রোববার (১৯ জুলাই) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা (২১) নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে পালিয়ে যান।

এ ঘটনায় শুক্রবার কারা কর্তৃপক্ষ গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা করেছে।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ মামলা করেছে।

কারা প্রাচীর টপকে ওই নারী বন্দি পালিয়ে যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে। আমরা জেনেছি, তিনি একজন ভাসমান নারী এবং কোনো মোবাইল ব্যবহার করেন না। তারপরও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কারাগারের একটি বিশ্বস্ত সূত্র জানায়, বন্দি পালিয়ে যাওয়ার সময় ফ্লাডলাইট জ্বালিয়ে কারা স্টাফদের ফুটবল টুর্নামেন্ট চলছিল। উঁচু টাওয়ারে দায়িত্বে থাকা কারারক্ষীদের একটি অংশও খেলা দেখছিলেন। সেই সুযোগেই পালিয়ে যান রিম্পা।

সূত্র জানায়, চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত রিম্পা কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। বন্দি গণনার (গুনতি) সময় তার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি প্রথম নজরে আসে।

এদিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারা প্রাচীর টপকে পালিয়ে যাওয়া নারী বন্দিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার স্বামীকে আটক করে পাওয়া তথ্য। র‍্যাব-২ এর একটি দল প্রথমে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে তার স্বামী ফারুককে আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে পলাতক নারী বন্দিকে গ্রেপ্তার করা হয়।

বর্তমানে ওই নারী বন্দিকে র‍্যাবের বছিলা ক্যাম্পে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।