ভোলাহাটে শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বাড়িতে গিয়ে ঋণের কিস্তির টাকা তোলার সুযোগে ৬ বছরের এক শিশুকন্যাকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাকিবুল ইসলাম (২৩) নামের এক বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মাঠকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীরা।
সোমবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলাহাট উপজেলার রাধানগর কলোনী এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত রাকিবুল ইসলাম পিরোজপুর সদর উপজেলার কালিটাটি বটতলা (পশ্চিম ডুবুরি তলা) গ্রামের দেলোয়ার তালুকদারের ছেলে। তিনি উপজেলা পরিষদ সংলগ্ন ভোলাহাট শাখার 'রিক' (Resource Integration Centre) নামক এনজিও সংস্থায় মাঠকর্মী হিসেবে কর্মরত আছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে রাধানগর কলোনীর এক ব্যক্তির ৬ বছরের শিশুকন্যা নিজ বাড়িতে একা ছিল। ওই সময় সাপ্তাহিক ঋণের কিস্তির টাকা তোলার উদ্দেশ্যে এনজিও কর্মী রাকিবুল ইসলাম তাদের বাড়িতে যান। বাড়িতে কোনো অভিভাবক না থাকার সুযোগ অভিযুক্ত রাকিবুল ঘরে প্রবেশ করে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরবর্তীতে শিশুটির কান্নাকাটি ও চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসলে বিষয়টি জানাজানি হয়।
ঘটনার পরপরই স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত অভিযান পরিচালনা করে। পুলিশ ভিকটিম শিশুটিকে উদ্ধার এবং থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, "খবর পাওয়ার পরপরই অত্যন্ত দ্রুততার সাথে পুলিশের টিম অভিযান চালিয়ে ভিকটিম শিশুটিকে উদ্ধার এবং অভিযুক্ত এনজিওকর্মীকে গ্রেপ্তার করেছে। ভিকটিমকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।"