বিমানের নাম-লোগো ব্যবহার করে প্রতারণা, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান

Fraud using airline names and logos
অনলাইন ডেস্ক ২১ জুলাই ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন নির্বাচিত সংবাদ
অনলাইন ডেস্ক ২১ জুলাই ২০২৬ ০৪:৩১ অপরাহ্ন
বিমানের নাম-লোগো ব্যবহার করে প্রতারণা, দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান
--সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় প্রতারক চক্র সম্পর্কে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জাতীয় পতাকাবাহী সংস্থাটি।

মঙ্গলবার (২১ জুলাই) এক তথ্যবিবরণীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, তাদের নাম ব্যবহার করে অসংখ্য ভুয়া ফেসবুক পেজ ও হোয়াটসঅ্যাপ গ্রুপ পরিচালিত হচ্ছে। এসব প্রতারক চক্র ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ডিসকাউন্ট’ বা ‘এয়ার টিকিট অফার’ নামে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে বিশেষ করে প্রবাসীদের টার্গেট করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু টিকিট বিক্রির নামে নয়, ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেও সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে প্রতারকরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচয় ব্যবহার করে চাকরির প্রলোভন, কম দামে টিকিট বিক্রির অফার এবং বিভিন্ন ভুয়া প্রচারণার মাধ্যমে প্রতারণার ঘটনা ঘটছে। 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বসাধারণকে এসব ভুয়া পেজ, গ্রুপ ও বিজ্ঞাপনের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে যেকোনো টিকিট ক্রয় বা নিয়োগসংক্রান্ত তথ্য শুধুমাত্র বিমানের অফিসিয়াল ওয়েবসাইট, ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম এবং অনুমোদিত বিক্রয়কেন্দ্র থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় পতাকাবাহী সংস্থাটি বলেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত লোভনীয় অফার বা নিয়োগ বিজ্ঞপ্তির ফাঁদে পা না দিয়ে সচেতন থাকাই প্রতারণা এড়ানোর সবচেয়ে কার্যকর উপায়।