সাংবাদিক আবু হেনা রাসেল আর নেই
জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৭ বছর।
বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য সহকর্মী, স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
জানা গেছে, বুধবার রাজধানীর আসাদগেট সংলগ্ন তালুকদার ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জ্বালানি নিতে যান আবু হেনা রাসেল। সেখানে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান।
পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজশাহী সদরের বাসিন্দা আবু হেনা রাসেল তিন যুগেরও বেশি সময় ধরে ঢাকায় সাংবাদিকতা করছিলেন।
তার মৃত্যুতে সাংবাদিক মহলে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বিকেল সোয়া ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
ক্র্যাবের শোক
সাংবাদিক আবু হেনা রাসেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এমএম বাদশা।
ক্র্যাবের নির্বাহী কমিটির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় তারা বলেন, আবু হেনা রাসেলের মৃত্যুতে তারা গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় তারা মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দেন।
আবু হেনা রাসেল সব শেষ দৈনিক খবর সংযোগের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক ভোরের কাগজ, সমকাল, দৈনিক কালের কণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন। তিনি ডিআরইউ ও ক্র্যাবের বিভিন্ন পদে নির্বাচিত হয়ে নেতৃত্ব দিয়েছেন।