কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য আতাহার ইকবাল আর নেই
কক্সবাজার প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক আতাহার ইকবাল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাতে তিনি কক্সবাজার সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে আসে।
মৃত্যুকালে সাংবাদিক আতাহার ইকবাল ৭২ বছর বয়সে স্ত্রী ও এক সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। বুধবার (২২ জুলাই) দুপুরে কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর উদ্যোগে প্রেসক্লাব মিলনায়তনে মরহুমের রুহের মাগফিরাত কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
পরে বিকেলে মরহুমের কফিন এক ঘণ্টার জন্য কক্সবাজার প্রেসক্লাবে রাখা হলে প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন ও সর্বস্তরের সাংবাদিকরা ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান এবং তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের প্রতি গভীর সম্মান প্রদর্শন করেন।
বাদ আসর কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযায় বিপুল সংখ্যক সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন। জানাযা শেষে তাঁকে স্থানীয় বইল্যাপাড়া কবরস্থানে দাফন করা হয়।