বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ফের অনশনে কলেজছাত্রীর
মাগুরার শালিখা উপজেলার তালখড়ী ইউনিয়নের পিয়ারপুর গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ফের অনশনে বসেছেন এক কলেজছাত্রী। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল থেকে তিনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে প্রেমিক ও তার মা বাড়ি ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
অনশনরত তরুণী পাশের ছান্দড়া গ্রামের প্রবাসী শাহিনুর মোল্যার মেয়ে। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা সরকারি সিরাজ উদ্দিন হোসেন কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
ভুক্তভোগী তরুণীর দাবি, দীর্ঘদিন ধরে পিয়ারপুর গ্রামের প্রবাসী আশরাফের ছেলে সাকিবের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের আশ্বাস দিয়ে সাকিব তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এ সময় তার অন্যত্র বিয়ের একাধিক প্রস্তাবও ভেঙে দেন এবং অন্য কাউকে বিয়ে করলে তা ভেঙে দেওয়ার হুমকি দেন। এছাড়া বিভিন্ন জায়গায় তাকে নিয়ে ঘোরাঘুরিও করেছেন বলে অভিযোগ করেন তিনি।
তরুণী বলেন, ‘সে যদি আমাকে বিয়ে না করে, তাহলে আমার মরণ ছাড়া আর কোনো পথ নেই।’
স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ৯ জুলাইও একই দাবিতে ওই তরুণী সাকিবের বাড়িতে অনশনে বসেছিলেন। সে সময় স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীর উদ্যোগে তাকে বুঝিয়ে বাবার বাড়িতে পাঠানো হয়। তবে এরপরও বিষয়টির কোনো সমাধান না হওয়ায় বৃহস্পতিবার আবারও তিনি প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেন।
অনশনের খবর ছড়িয়ে পড়লে উৎসুক নারী-পুরুষের ভিড় জমে সাকিবের বাড়িতে।
সরেজমিনে দেখা যায়, সাকিবের ঘরে তালা ঝুলছে। স্থানীয়দের ভাষ্য, অনশনের খবর পেয়ে সাকিব ও তার মা বাড়ি ছেড়ে চলে গেছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা জানান, দুজনের দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি এলাকায় পরিচিত। তাই বিষয়টি ঝুলিয়ে না রেখে পারিবারিক, সামাজিক ও আইনগতভাবে দ্রুত সমাধান হওয়া প্রয়োজন।
এ বিষয়ে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ৯৯৯-এর মাধ্যমে ঘটনাটি সম্পর্কে আমরা জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।