মাদক দেশের নিউ জেনারেশনকে শেষ করে দিতে পারে : ভূমিমন্ত্রী মিনু
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, পার্শ্ববর্তী দুইটি দেশে প্রচুর নেশা জাতীয় দ্রব্য তৈরি করছে। তারা গ্রহণ করে না। কিন্তু বাংলাদেশের নিউ জেনারেশনকে শেষ করে দিতে পারে।
শনিবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে রাজশাহী টিচার ট্রেনিং কলেজের মিলনায়তনে ছাত্র কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী মিনু বলেন, রাজশাহী টিচার ট্রেনিং কলেজ রাজশাহী শুধু নয়, বাংলাদেশে নয়, এই উপমহাদেশ সারা বিশ্বে অনেক বরেণ্য শিক্ষাবিদকে তারা সৃষ্টি করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান একদম প্রথম, বাংলাদেশের এই গভর্নমেন্ট বাজেটের শিক্ষাক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করেছে। এখানে বিশাল বড় মাল্টিপল বিল্ডিং এবং অডিটোরিয়ামসহ আমি পত্র দিয়েছিলাম শিক্ষামন্ত্রী বরাবর। এটা স্যাংশন হয়ে গেছে, আশা করছি হবে। আমরা একটা হোস্টেলের কথা লিখেছিলাম, কিন্তু এখন দেখি ছাত্র-ছাত্রী ভাইদের মনে দুঃখ হবে। সে জন্য দুটি নতুন হোস্টেল যেন হয়।
পার্শ্ববর্তী দুইটি দেশ প্রচুর নেশা জাতীয় দ্রব্য তৈরি করছে উল্লখ করে তিনি বলেন- তারা গ্রহণ করে না। কিন্তু বাংলাদেশের নিউ জেনারেশনকে শেষ করে দিতে পারে। একটা ব্যক্তি-সরকারের পক্ষে, বিরাট বাহিনীর কাছে কখনো সম্ভব নয় রোধ করা। এটা রোধ করতে পারে গোটা জাতি, গোটা দেশের জনগণ। এটাকে রোধ করতে সবচাইতে বেশি পারে শিক্ষক সমাজ।
তিনি বলেন, জীবনের শেষদিন পর্যন্ত মাদকশাক্ত থেকে ছাত্র-বাচ্চারা যেন দূরে থাকে সেটা বোঝাবেন। ভালো ছাত্ররাই অনেক সময় এফেক্টেড হয়। যদি জানতে পারেন তাহলে শিক্ষকরা তার বাসায় চলে যাবেন। নিজ সন্তানের মত বাবা-মাকে নিয়ে বসে উপদেশ দিবেন। তাকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করার জন্য তাকে আসক্ত মুক্ত করবেন। ঘৃণা করে আইনের হাতে ঠেলে দিলে সে আরও খারাপ পথে যাবে।