রাজনৈতিক কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা

Advocacy meeting to ensure 33 percent women's participation
ছোটন সরদার , রাজশাহী ২৫ জুলাই ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন সারা বাংলা
ছোটন সরদার , রাজশাহী ২৫ জুলাই ২০২৬ ০৭:৩৩ অপরাহ্ন
রাজনৈতিক কমিটিতে ৩৩ শতাংশ নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে অ্যাডভোকেসি সভা
রাজশাহীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে

রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কমিটিতে নারীদের ন্যূনতম ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীতে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৫ জুলাই বিকেল সাড়ে ৩টায় রাজশাহী নগরীর এস কে ফুড কনফারেন্স রুমে আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন শক্তিশালী করি প্রকল্পের আওতায় আন্তঃপ্রজন্মভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন কোয়ালিশন টিম, রাজশাহী এ সভার আয়োজন করে।

রাজশাহী কোয়ালিশন টিমের লিড অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শামসুন্নাহার মুক্তির সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম রবি, প্রকল্প লিড সাগুফে হোসেন, প্রকল্প কো-অর্ডিনেটর মেহনাজ রহমান, সমাজকর্মী আফজান হোসেন, ফয়জুল্লাহ চৌধুরী এবং জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়।


বক্তারা বলেন, টেকসই গণতন্ত্র, জবাবদিহিমূলক রাজনীতি এবং অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব গড়ে তুলতে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রতিটি স্তরে নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।

দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও রাজনৈতিক দলের নীতিনির্ধারণী পর্যায়ে তাঁদের প্রতিনিধিত্ব এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। অনেক নারী তৃণমূল পর্যায়ে সক্রিয় থাকলেও সিদ্ধান্ত গ্রহণের জায়গায় তাঁদের অংশগ্রহণ সীমিত। এ বাস্তবতা পরিবর্তনে রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র অনুযায়ী ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান, নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কেবল একটি সংখ্যাগত বিষয় নয়,এটি সমতা, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অন্যতম পূর্বশর্ত। তরুণ ও প্রবীণ নারী নেতৃত্বের সমন্বয়ে অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং নাগরিক সমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের প্রতিনিধি, নারী অধিকারকর্মী, তরুণ নেতৃত্ব এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। পরিশেষে  রাজনৈতিক কমিটিতে নারীর ৩৩ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল মহলের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।