যাচাই-বাছাই শেষে বিএনপি নেতা আব্দুস সালামের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার
রাজশাহীর পবা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দামকুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস সালামের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে। তৎকালীন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের সঙ্গে সখ্যতা ও সংশ্লিষ্টতার অভিযোগে তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ করা হয়েছিল। যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা না পাওয়ায় তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী জেলা বিএনপি। শনিবার (২৫ জুলাই) বিকেলে জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দামকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালে তৎকালীন সংসদ সদস্য আয়েন উদ্দিনের সঙ্গে আব্দুস সালামের সখ্যতা ও সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতারা ২০২২ সালের ২২ অক্টোবর জেলা বিএনপির কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আব্দুস সালাম জেলা বিএনপির কাছে লিখিতভাবে তাঁর বক্তব্য তুলে ধরেন।
পরে তাঁর দেওয়া জবাব এবং অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই করে পর্যালোচনা করা হয়। এতে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়নি বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সরকারি দায়িত্ব পালন এবং দামকুড়া ইউনিয়নের উন্নয়নের স্বার্থে তৎকালীন সংসদ সদস্যের সঙ্গে আব্দুস সালাম যোগাযোগ ও সংযোগ রক্ষা করেছিলেন। তবে এটিকে রাজনৈতিক সংশ্লিষ্টতা হিসেবে বিবেচনা করার মতো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এ কারণে আব্দুস সালামের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই-বাছাই করা হয়েছে। আব্দুস সালাম তার বিরুদ্ধে আনা অভিযোগের লিখিত জবাব দিয়েছেন। তার জবাব ও সংশ্লিষ্ট বিষয় পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। চেয়ারম্যান হিসেবে সরকারি দায়িত্ব পালনের প্রয়োজনে তৎকালীন সংসদ সদস্যের সঙ্গে যোগাযোগ রাখার বিষয়টি রাজনৈতিক সখ্যতার প্রমাণ নয়। তাই যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।