পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভুয়া ছবি ও ভুয়া ভিডিও অপপ্রচারের প্রতিবাদে বোদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

BNP protest marches and rallies
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ৩০ জুলাই ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ৩০ জুলাই ২০২৬ ১১:১০ পূর্বাহ্ন
পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভুয়া ছবি ও ভুয়া ভিডিও অপপ্রচারের প্রতিবাদে বোদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
পানিসম্পদ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে ভুয়া ছবি ও ভুয়া ভিডিও অপপ্রচারের প্রতিবাদে বোদায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপিকে জড়িয়ে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি ও ভিডিও ছড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে পঞ্চগড়ের বোদায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৬ টায় উপজেলার ধানহাটি মাঠে বোদা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির নেতা কর্মীসহ বিভিন্ন ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিল রোজা ফেরদৌস চিম্ময়, উপজেলা যুবদলের আহবায়ক নূরে এলাহী সাগর, সদস্য সচিব সোহেল রানা সহ উপজেলা ও পৌর বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে এআই প্রযুক্তির মাধ্যমে ভুয়া ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে ন্যক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

বক্তারা আরও বলেন, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ সবসময় মানুষদের সম্মান করেন এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থাকেন। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ছবি, ভিডিও ও তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বক্তারা ভুয়া ছবি ও ভিডিও তৈরি ও প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

উল্লেখ্য, মঙ্গলবার (২৮ জুলাই) ‘শিবির মিডিয়া সেল’ নামে একটি ফেসবুক পেজ থেকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে জড়িয়ে একটি ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়া হয়। প্রতিমন্ত্রীর পক্ষ থেকে অভিযোগ করা হয়, ভিডিওটিতে অন্য এক ব্যক্তির শরীরে তাঁর মুখ সংযোজন করে আপত্তিকর ভিডিও তৈরি করা হয়েছে। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের দাবি, সম্প্রতি জামায়াতের সাবেক এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে ভাইরাল হওয়া একটি আপত্তিকর ভিডিও প্রসঙ্গে তিনি বক্তব্য দেওয়ার পর রাজনৈতিকভাবে তাঁকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব ভুয়া ভিডিও প্রচার করেন।