পুঠিয়ায় ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন
"রোধ করি ডেঙ্গু ও প্লাস্টিক-পলিথিন দূষণ" প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর পুঠিয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করা হয়েছে। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পুঠিয়া, রাজশাহী প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও পুঠিয়া পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সবুর আলী, পুঠিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সূচনা মনোহরা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, "ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ বিষয়ে সাধারণ মানুষের সচেতন অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজেদের বাড়ি, আঙিনা, ছাদ ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে।"
তিনি আরও বলেন, "প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। পরিবেশ রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়তে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমাতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।"
অনুষ্ঠানে বক্তারা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, জনসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক-পলিথিনের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধন শেষে অতিথিবৃন্দ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম পরিদর্শন করেন।