দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

Bomb scare at two metro stations
অনলাইন ডেস্ক ০১ আগস্ট ২০২৬ ০৬:০১ অপরাহ্ন সারা বাংলা
অনলাইন ডেস্ক ০১ আগস্ট ২০২৬ ০৬:০১ অপরাহ্ন
দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান
--সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুর-১০ ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে পাওয়া বোমা সদৃশ দুটি পরিত্যক্ত বস্তু নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্কের অবসান ঘটেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল টিম পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত করেছে, দুটি বস্তুই বোমা নয়। একই সঙ্গে নগরবাসীকে গুজবে বিভ্রান্ত বা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ডিএমপি।


শনিবার (১ আগস্ট) সকালে মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকার খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এক্স-রে পরীক্ষায় ব্যাগের ভেতরে কৌটাসদৃশ একটি বস্তু শনাক্ত হলে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) অনুসরণ করে ফ্র্যাঞ্জিবল ডিসরাপ্টর ব্যবহার করে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়।


পরে ব্যাগটি খুলে দেখা যায়, সেখানে জর্দার একটি কৌটা ও পান ছাড়া অন্য কোনো বিস্ফোরক বা বিপজ্জনক বস্তু নেই।


এদিকে তেজগাঁও থানাধীন ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি পরিত্যক্ত বস্তাকে ঘিরেও বোমা সন্দেহ দেখা দিলে বোম্ব ডিসপোজাল ইউনিট সেখানে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে হ্যান্ড এন্ট্রির মাধ্যমে বস্তাটি পরীক্ষা করে। পরীক্ষায় নিশ্চিত হওয়া যায়, বস্তার ভেতরেও কোনো বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু ছিল না।


ডিএমপি জানিয়েছে, যেকোনো সন্দেহজনক বস্তু সম্পর্কে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা পুলিশের দায়িত্ব। একই সঙ্গে নগরবাসীকে গুজবে কান না দিয়ে এবং সন্দেহজনক কিছু দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।


পুলিশ বলেছে, রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সব ইউনিট সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।