ইউএনওর স্বাক্ষর জাল॥ বদলগাছীতে অর্থ উত্তোলনের অভিযোগ মোয়াজ্জেমের বিরুদ্ধে
নওগাঁর বদলগাছী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মোয়াজ্জেম মো. মাহফুজ রহমানের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে সরকারি অর্থ উত্তোলনের চেষ্টার অভিযোগ উঠেছে।
গত ৩০শে জুলাই বৃহস্পতিবার দুপুরের ঘটনাটি প্রকাশ্যে আসার পর উপজেলা প্রশাসন ও স্থানীয় মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা মডেল মসজিদের নামে একটি ব্যাংক হিসাব পরিচালিত হয়। বিধি অনুযায়ী, ওই হিসাব থেকে অর্থ উত্তোলনের জন্য উপজেলা মডেল মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার যৌথ স্বাক্ষর প্রয়োজন হয়।
অভিযোগ অনুযায়ী, গত বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে মোয়াজ্জেম মো. মাহফুজ রহমান প্রয়োজনীয় অনুমোদন বা পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই একটি চেকে ইউএনও’র স্বাক্ষর জাল করে ব্যাংকে জমা দিয়ে অর্থ উত্তোলনের চেষ্টা করেন।
সোনালী ব্যাংক সূত্রে জানা যায়, চেকের স্বাক্ষর নিয়ে সন্দেহ হলে কর্মকর্তারা তা যাচাই করেন। যাচাই-বাছাইয়ে স্বাক্ষরের অসঙ্গতি ধরা পড়লে ব্যাংক কর্তৃপক্ষ অর্থ প্রদান স্থগিত রাখে এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে।
ঘটনার পর উপজেলা প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানা গেছে। এদিকে ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তির বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্থানীয় মুসল্লি ও সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
এ বিষয়ে সোনালী ব্যংকের শাখা ব্যবস্থাপক নুরে আলম জানান, চেকের স্বাক্ষরে অসঙ্গতি ধরা পড়ায় অর্থ উত্তোলন সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে মো. মাহফুজ রহমানের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি বলেন, স্বাক্ষর জাল করার অভিযোগটি আমরা জেনেছি। সরকারি অর্থ সংক্রান্ত চেকে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক বিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।