বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ

Huge quantity of Chinese duari and current fakes seized
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ০৩ আগস্ট ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ ০৩ আগস্ট ২০২৬ ১০:২৮ পূর্বাহ্ন
বোদা উপজেলায় অভিযান : বিপুল চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ
পঞ্চগড়ের বোদা উপজেলা জুড়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।

দেশীয় প্রজাতির মাছ ও মৎস্য সম্পদ রক্ষায় পঞ্চগড়ের বোদা উপজেলা জুড়ে অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানো হয়েছে।

রবিবার (২ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বোদা উপজেলা প্রশাসন জানিয়েছে, উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন, ঝলই শালশিরী ইউনিয়ন এবং পাথরাজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করে বিনষ্ট করা হয়।


মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, অভিযানে ৮টি চায়না দুয়ারি জাল (আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা), ৭টি ছোট ফাঁসের বাগ (ব্যাগ) জাল (আনুমানিক মূল্য ৪৯ হাজার টাকা) এবং ৫ সেট কারেন্ট জাল (আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা) জব্দ করা হয়। জব্দকৃত ২০টি অবৈধ জালের মোট আনুমানিক মূল্য ১ লাখ ৪ হাজার টাকা। পরে আইন অনুযায়ী জব্দ তালিকাভুক্ত করে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

বোদা উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, কারেন্ট জাল এবং চায়না দুয়ারী জালের মতো ধ্বংসাত্মক জাল আমাদের নদ-নদীর দেশীয় মাছের রেণু ও প্রজননক্ষম মাছ একবারে নিধন করে ফেলছে। মৎস্য সম্পদ রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব।

উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। কেউ অবৈধ জালের ব্যবহার বা ব্যাবসার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

এ সময় বোদা উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা, কর্মচারী, বোদা থানার একদল পুলিশ এসব অভিযানে অংশ নেন।