‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান, পিপিএম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান।
এছাড়া বক্তব্য দেন কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা ও কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবর রহমান, কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান, কক্সবাজার সিটি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আক্তার চৌধুরী, পৌর কমিউনিটি পুলিশিং কার্যনির্বাহী কমিটির সভাপতি রফিকুল হুদা চৌধুরী ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তফা কামিল, উপজেলা কমিউনিটি পুলিশিং কার্যনির্বাহী কমিটির সভাপতি আবদুল মাবুদ ও সাধারণ সম্পাদক আমানুল হক আমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার সভাপতি নুরুল ইসলাম হেলালী।
সভায় কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ড ও কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন থেকে ইমাম, শিক্ষক, ব্যবসায়ি, নারী প্রতিনিধি ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিরা অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এতে মোট ৫৩২ জন কমিউনিটি পুলিশিং সদস্য উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে জনগণ ও পুলিশের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, কক্সবাজার সদর মডেল থানার বর্তমান পুলিশ প্রশাসনের প্রতি তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ভবিষ্যতেও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করার আহ্বান জানান তারা।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।