বদলগাছীতে জমি বিরোধে যুবদল নেতার হাতের কব্জি কেটে দেওয়ার অভিযোগ ওয়ার্ড আওয়ামীলীগ সদস্যের বিরুদ্ধে, গ্রেপ্তার ২
নওগাঁর বদলগাছী উপজেলায় জমির আইল কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে ইউনিয়ন যুবদল নেতার বাম হাতের কব্জি কেটে দিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য।
অভিযোগ, ধারালো হাসুয়ার কোপে তাঁর বাম হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ ঘটনায় আহত নেতাসহ তাঁর মা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানিয়েছে, মামলার প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২ আগস্ট) বিকেলে উপজেলার মথুরাপুর ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আহত হাসান রমন (৪২) জালালপুর গ্রামের দুদু মিয়ার ছেলে। স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, তিনি মথুরাপুর ইউনিয়ন যুবদলের সহসভাপতি।
মামলার অভিযুক্ত একই গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগম। স্থানীয়দের দাবি, মিজানুর রহমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং আমেনা বেগম একই ওয়ার্ডের সভানেত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে জমির আইল কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ, একপর্যায়ে মিজানুর রহমান ধারালো হাসুয়া দিয়ে হাসান রমনের বাম হাতে কোপ দিলে তাঁর হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ছেলেকে উদ্ধার করতে গেলে তাঁর মা বিউটি বেগমও হামলার শিকার হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয় কয়েকজনের দাবি, দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। তাদের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করেও দুই পরিবারের মধ্যে উত্তেজনা ছিল।
আহত হাসান রমনের বাবা ও মামলার বাদী দুদু মিয়া বলেন, জমির আইল নিয়ে ঝগড়ার একপর্যায়ে মিজানুর রহমান ও তাঁর স্ত্রী ধারালো হাসুয়া দিয়ে আমার ছেলে হাসানকে কুপিয়ে গুরুতর আহত করেন। আমার স্ত্রী ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু বলেন, অভিযুক্তরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।
অভিযুক্ত মিজানুর রহমান বলেন, আমার জমির আইল হাসান কেটে ফেলেছিল। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে তারা ৬–৭ জন মিলে আমার বাড়িতে হামলা চালায়। আমার হাতে ঘাস কাটার হাসুয়া ছিল। ধস্তাধস্তির সময় সেটির আঘাতে হাসানের হাতের কব্জি কেটে যায়।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। মামলার প্রধান দুই আসামি মিজানুর রহমান ও তাঁর স্ত্রী আমেনা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।