রূপপুর প্রকল্পের দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু

Two Russian citizens fight
নিজস্ব প্রতিবেদক : ০৩ আগস্ট ২০২৬ ০৭:০১ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক : ০৩ আগস্ট ২০২৬ ০৭:০১ অপরাহ্ন
রূপপুর প্রকল্পের দুই রুশ নাগরিকের হাতাহাতি, একজনের মৃত্যু
--সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকা গ্রীণসিটিতে মদ্যপ অবস্থায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত অপর রুশ নাগরিককে গুরুতর অবস্থায় পাবনা এসআরটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)তে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে গ্রীণসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।


পুলিশ সূত্রে জানা গেছে, নিহত কুদরিন সার্গেই (৫৬) রাশিয়ার নাগরিক। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রেস্ট রসসেমে আল্ট্রাসনিক টেস্টিং ইনস্পেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম নিকোলাই। তিনি গ্রীণসিটির ওই কক্ষেই বসবাস করতেন।


ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কুদরিন সার্গেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গ্রীণসিটি থেকে পাবনা এসআরটি হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।


আহত অপর রুশ নাগরিকও একই প্রতিষ্ঠানে কর্মরত। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।


পুলিশের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া যাবে।