গানে-আলোচনায় রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ

July Uprising in Rajshahi
নিজস্ব প্রতিবেদক ০৪ আগস্ট ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন সারা বাংলা
নিজস্ব প্রতিবেদক ০৪ আগস্ট ২০২৬ ০৯:২৬ অপরাহ্ন
গানে-আলোচনায় রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ
গানে-আলোচনায় রাজশাহীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা স্মরণ। ছবি: বিজয় বাংলা

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগ, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাজশাহীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।


সোমবার (৪আগস্ট)সন্ধ্যায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি ‘গানে গানে জুলাই’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেলায়েত হোসেন। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার ড. ফারুকুর রহমান ফয়সাল।


আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক একাডেমির পরিচালক হরেন্দ্রনাথ সিং, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুসুম এবং জাসাস রাজশাহী মহানগরের সদস্য সচিব সেলিম রেজা।


প্রধান অতিথির বক্তব্যে বেলায়েত হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলনের নাম নয়; এটি জনগণের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চেতনার প্রতীক। তিনি বলেন, এই ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে সংস্কৃতি ও সংগীত কার্যকর মাধ্যম হতে পারে।


ড. ফারুকুর রহমান ফয়সাল বলেন, ইতিহাসকে জীবন্ত রাখতে সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। জুলাইয়ের আত্মত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।


হরেন্দ্রনাথ সিং বলেন, শিল্প-সংস্কৃতি মানুষের চেতনা জাগ্রত করে। জুলাইয়ের আদর্শ ধারণ করে মানবিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সাংস্কৃতিক আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


অরণ্য কুসুম বলেন, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


সেলিম রেজা বলেন, দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা গান, কবিতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।


আলোচনা শেষে স্থানীয় শিল্পীরা জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে দেশাত্মবোধক ও প্রেরণামূলক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিল্পী, শিক্ষার্থী, সাংবাদিক ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন।