বাবুডাইং আলোর পাঠশালায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাবুডাইং আলোর পাঠশালায় ‘জুলাই গণ-অভুত্থান দিবস ২০২৬’ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর স্বাগত বক্তব্য দেন প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। এসময় জুলাই গণঅভুত্থানে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠানে ছড়া বা কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সমাজসেবা ও স্বাস্থ্য) হেলাল উদ্দিন শেখ নাসিম, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাস, লুইশ মুর্মু, সিনিয়র শিক্ষক শিরিনা খাতুন, খন্ডকালীন শিক্ষক নিলমুনি কিসকু প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ।
আলোচনা শেষে কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করে তাঁদের হাতে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদসহ বাংলাদেশের বিভিন্ন অধিকার আন্দোলন আদায়ের সংগ্রাম ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় বক্তারা বলেন, অধিকার আদায়ের যেকোন আন্দোলনে নেতৃত্ব দিয়ে থাকে ছাত্র সমাজ। জুলাই গণঅভ্যুত্থানেও সেটার প্রতিফলন দেখা গেছে। এই আন্দোলনে পরবর্তীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজনও অংশ নিয়েছিল। এই আন্দোলনকে সফল করতে গিয়ে প্রাণ দিতে হয়েছে অনেককে। গণঅভ্যুত্থানের ফলে সরকার পরিবর্তন হয়েছে। এরপর অন্তবর্তীকালীন সরকার ও পরবর্তীতে নির্বাচিত সরকার এসে রাষ্ট্রের দায়িত্বভার গ্রহণ করেছে। কিন্তু দু:খের বিষয় হচ্ছে, এতগুলো প্রাণ দেয়ার পরও আমাদের মাঝ থেকে বৈষম্য দূর হয়নি। সমাজ থেকে অন্যায়-অনাচার, অনিয়ম দূর হয়নি। আজও হরহামেশা খুন হচ্ছে। নারী ও শিশু নির্যাতন হচ্ছে। হচ্ছে না সঠিকভাবে বিচারও। যদি রাষ্ট্র ও সরকার এসব বৈষম্য, অন্যায়-অবিচার দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে না পারে, তবে গণতন্ত্র রক্ষা হবে না। রাষ্ট্রে শান্তি আসবে না। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেকোন অধিকার আদায়ের সংগ্রামে ও অন্যায়ের প্রতিবাদে সোচ্চার হয়ে রাস্তায় নামতে হবে।