জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবো॥ পানিসম্পদ প্রতিমন্ত্রী
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, জুলাই সনদ প্রত্যেকটি পৃষ্ঠায় পৃষ্ঠায়, প্রতিটি অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়ন করবো। বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড় শেরে বাংলা পার্কে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আমরা সকলে ঐক্যবদ্ধ হই। ওই ফ্যাসিস্ট আবারও কোনোভাবে সুযোগ নিয়ে যেন আমাদের মধ্যে অনৈক্য তৈরি করতে না পারে। এই বাংলাদেশে যেন বিভেদ তৈরি করতে না পারে। বাংলাদেশ যে দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে, আমরা যেন দ্বিতীয় স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে পারি। আমাদের সকল দলের, সকল মতের সকল মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই।
তিনি বলেন, আমাদের পঞ্চগড় জেলায় পাঁচ-পাঁচটি কৃতী সন্তান রাজপথে ফ্যাসিস্টের গুলিতে তাদের তাজা প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করছি।
পরে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, সিভিল সার্জন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জুলাই শহীদ পরিবারসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এরপর জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে পঞ্চগড় অডিটোরিয়াম হলরুমে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও জুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, জুলাই শহীদ পরিবারের সদস্যরা, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি মির্জা নাজমুল ইসলাম কাজল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।