শালবাগান পাহাড়ে ৩ জন অপহৃত উদ্ধার, অপহরণচক্রের সদস্য গ্রেফতার
কক্সবাজারের টেকনাফ মুচনী ক্যাম্পের শালবাগান পাহাড় এলাকার গহীন দুর্গম স্থানে শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ৩ জনকে উদ্ধার এবং অপহরণচক্রের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করেছে র্যাব-১৫, সিপিসি-১।
গোপন সংবাদের ভিত্তিতে এবং উখিয়া থানার সাধারণ ডায়েরির প্রেক্ষিতে সিপিসি-১, টেকনাফের একটি আভিযানিক দল অপহৃতদের উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। দীর্ঘ অনুসন্ধানে ৪ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে পরিচালিত অভিযানে অপহরণের শিকার ৩ জনকে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধার সকলে উখিয়া পালংখালী ইউনিয়নের বালুখালী ১৭নং রোহিঙ্গা ক্যাম্প (ব্লক-বি-৮১) এর বাসিন্দা। এরা হল মোঃ আয়াছ (১৮), পিতা-মোঃ ইউনুছ, মোঃ ইয়াছিন (২৮), পিতা-জোবাইর (২৫), পিতা- ছৈয়দ হোছন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৩০ জুলাই তারা টেকনাফ হ্নীলা ইউনিয়নের মুচনী ক্যাম্পে আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে ফেরার পথে অপহরণের শিকার হন। অপহরণকারীরা তাদের দুর্গম পাহাড়ি এলাকায় আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালায় এবং পরিবারের সদস্যদের কাছে ৬ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের অর্থ প্রদান না করায় তাদের উপর নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি করা হয়। প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
উদ্ধারকৃতদের দেওয়া তথ্য মতে, টেকনাফ মুচনী রেজিস্টার-১নং ক্যাম্পের ব্লক-ডি এলাকার বটগাছতলা এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে অপহরণের সঙ্গে জড়িত হাফেজ আহম্মেদকে (৫৩) গ্রেফতার করা হয়। তিনি হ্নীলা মুচনীর মৃত রশিদ আহমদ এর পুত্র। FCN No-30170-A, মুচনী রেজিস্টার ক্যাম্প-১, ব্লক-ডি, রুম নং-৬, হ্নীলায় বসবাসরত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তি অপহরণচক্রের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় অপহরণের শিকারদের অভিযোগের ভিত্তিতে উখিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি এবং উদ্ধারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।