নিউ গভঃ ডিগ্রী কলেজে ‘৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস’ উদযাপিত
যথাযোগ্য মর্যাদায় নিউ গভঃ ডিগ্রী কলেজ, রাজশাহীতে ‘৫ আগস্ট (৩৬ জুলাই) গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। আজ বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানমালার সূচনা হয়।
দিবসের শুরুতে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জুলাই স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নিউ গভঃ ডিগ্রী কলেজের দুই জুলাই যোদ্ধা শিক্ষার্থী মো. আব্দুর রহমান ও মো. মোখলেসুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. রবিউল ইসলাম। তিনি জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক পটভূমি ও তাৎপর্য বিশদভাবে তুলে ধরেন। এছাড়া শিক্ষার্থীদের পক্ষ থেকে গণঅভ্যুত্থানের স্মৃতি এবং আগামীর বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন ও সকল বিভাগের অংশগ্রহণে 'দেয়াল পত্রিকা' প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর ড. শিখা সরকার বলেন, "অধিকার আদায়ের সংগ্রামে বাঙালি কখনো পিছপা হয়নি। জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মো. মতিউর রহমান ও শিক্ষক পরিষদ সম্পাদক প্রফেসর ড. মো. রাশেদ করিম। উদযাপন কমিটির আহ্বায়ক ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক মাহফুজা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক এস. এম. মুস্তাফিজুর রহমান এবং গণিত বিভাগের প্রভাষক সেলিনা আক্তার।