সাবেক কৃষিমন্ত্রীর দুর্নীতি অনুসন্ধান: বিএমডি'এর ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব

Corruption investigation into former agriculture minister
আবুল কালাম আজাদ ০৭ আগস্ট ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন সারা বাংলা
আবুল কালাম আজাদ ০৭ আগস্ট ২০২৬ ০৬:৫১ অপরাহ্ন
সাবেক কৃষিমন্ত্রীর দুর্নীতি অনুসন্ধান: বিএমডি'এর ৯ নির্বাহী প্রকৌশলীকে দুদকের তলব

আওয়ামী লীগ সরকারের সাবেক খাদ্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে রাজশাহী বিএমডি'এর ৯ নির্বাহী প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


গত ৩ আগস্ট বিএমডিএর নির্বাহী পরিচালকের কাছে পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্ট ৯ কর্মকর্তাকে ‘অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি’ হিসেবে উল্লেখ করা হয়।


 দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা আব্দুল মালেক তাদের বক্তব্য গ্রহণের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন।

তলবকৃত কর্মকর্তারা হলেন— নাজমুল হুদা, এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার, এটিএম রফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, রেজাউল করিম, মনিরুজ্জামান, রুবিনা খাতুন এবং সানজিদা খানম মলি।


দুদকের চিঠিতে উল্লেখ করা হয়েছে, টাঙ্গাইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এবং তাঁর আত্মীয়স্বজনের বিরুদ্ধে বিএমডিএর বিভিন্ন প্রকল্পে অনিয়ম, টেন্ডার বাণিজ্য, চাঁদাবাজি এবং দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। একই সঙ্গে এসিআই কোম্পানি ও আদম ব্যবসায়ী নুর আলীর মাধ্যমে শত শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।

অনুসন্ধানের স্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য প্রয়োজন হওয়ায় নাজমুল হুদা, এনামুল কাদির, তোফাজ্জল আলী সরকার এবং এটিএম রফিকুল ইসলামকে আগামী ১২ আগস্ট এবং রেজাউল ইসলাম, রেজাউল করিম, মনিরুজ্জামান, রুবিনা খাতুন ও সানজিদা খানম মলিকে আগামী ১৩ আগস্ট দুদকের কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে।

বিএমডিএর একটি দায়িত্বশীল সূত্রের দাবি, তলব হওয়া কয়েকজন কর্মকর্তার সঙ্গে সাবেক কৃষিমন্ত্রী এবং তাঁর ব্যক্তিগত সহকারীর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তাঁদের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে ঠিকাদার নিয়োগ ও কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে। একই সূত্রের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে সানজিদা খানম মলিসহ তিনজন সহকারী প্রকৌশলীকে চলতি দায়িত্বে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দিয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছিল।


তবে অভিযোগ অস্বীকার করেছেন তলব হওয়া নির্বাহী প্রকৌশলী এনামুল কাদির। তিনি বলেন, “দুদকের চিঠি পেয়েছি। সাবেক কৃষিমন্ত্রীর সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা ছিল কি না, সেটি জানতে ডাকা হয়েছে।

 আমার কোনো সম্পৃক্ততা ছিল না। এটি কাদা ছোড়াছুড়ির ঘটনাও হতে পারে। আমাদের মধ্য থেকেই কেউ হয়তো নাম দিয়েছেন। সে কারণেই আমাকে ডাকা হয়েছে।”


উল্লেখ্য, দুদকের তলব কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ার সমতুল্য নয়। চলমান অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্টদের বক্তব্য গ্রহণের জন্য এ তলব করা হয়েছে।