অপরাধী যে দলেরই হোক, অপরাধ দমনে পুলিশ কাউকে ছাড় দেবে না ডিআইজি আশিক সাঈদ
রাজশাহী রেঞ্জের ডেপুটি ইনস্পেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ বলেছেন, অপরাধী যে দলেরই হোক অপরাধ দমনে পুলিশ কাউকে ছাড় দেবে না। বাংলাদেশ পুলিশ কোনো দলের নয় আইনের শাসন প্রতিষ্ঠা ও অপরাধ দমনই পুলিশের মূল লক্ষ্য।
শনিবার (৮ আগস্ট) তানোর থানা পুলিশের আয়োজনে মাদক, সাইবার অপরাধ, নারী নির্যাতন, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, মাদক নির্মূলে শুধু মাদকসেবীদের নয়, মাদকের গডফাদার ও সরবরাহকারীদেরও আইনের আওতায় আনতে হবে। দল-মত নির্বিশেষে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি অনলাইন জুয়া ও সাইবার অপরাধের তথ্য পুলিশকে দেওয়ার জন্য তিনি জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাইমুল হাছান। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পরভেজের সঞ্চালনায় সভায় তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রশাসক নাঈমা খান, গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মির্জা আঃ সালামসহ স্থানীয় রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয়দের বিভিন্ন সমস্যা শোনেন ডিআইজি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তানোর থানার ওসিকে নির্দেশ দেন। পরে থানা চত্বরে একটি আমের চারা রোপণ করেন তিনি।