আন্তর্জাতিক আদিবাসী দিবসে রাজশাহীতে র্যালি॥ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
"সৃষ্টিকর্তা সর্বশক্তিমান" এবং "আদিবাসী ধর্মীদের সংগ্রাম: জীবন ও সংস্কৃতি সুরক্ষায় অবদান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় নগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুন লাইট গার্ডেনে গিয়ে শেষ হয়।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, রাজশাহীর প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশা। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা (আহ্বায়ক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, কেন্দ্রীয় কমিটি)।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডির সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়াড়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড মেম্বার মো. সাইফুল ইসলাম হিরক, আয়োজক সংগঠনের কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বাবুল রবিদাস, সহ-সভাপতি রাজকুমার শাও, সাংগঠনিক সম্পাদক আমিন কুজুর, কেন্দ্রীয় সদস্য সুসেন কুমার শ্যামদুয়ার, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব ও সাবেক যুবদল সভাপতি মাহফুজুল হাসনাইন হিকোল, রুলফাও-এর নির্বাহী পরিচালক আফজাল হোসেন, দিঘরী রাজা পরিষদের প্রধান উপদেষ্টা চিত্তরঞ্জন সরদার, নওগাঁ জেলা সাধারণ সম্পাদক দীপঙ্কর লাকড়া এবং আদিবাসী যুব পরিষদের সভাপতি যাদু কুমার দাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা আদিবাসী জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি, ভাষা, ভূমির অধিকার ও সাংবিধানিক স্বীকৃতি নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহ্য, সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় সংরক্ষণে সরকার, নাগরিক সমাজসহ সংশ্লিষ্ট সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মনমুগ্ধকর নৃত্য, গান ও ঐতিহ্যবাহী পরিবেশনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবসের দিনব্যাপী কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।