তিস্তার নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের শঙ্কা

Temporary flooding feared in lower Teesta areas
অনলাইন ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন জাতীয়
অনলাইন ডেস্ক ০৯ আগস্ট ২০২৬ ০৬:০৬ অপরাহ্ন
তিস্তার নিম্নাঞ্চলে সাময়িক প্লাবনের শঙ্কা
--সংগৃহীত ছবি

সিলেটের ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। এদিকে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদীর পানি লালমনিরহাট, নীলফামারী ও রংপুরের কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।


রোববার (৯ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের (এফএফডব্লিউসি) বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি এবং পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, পর্যবেক্ষণাধীন নদ-নদীর মধ্যে একটি নদী একটি জেলার একটি স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।


এদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী একদিন এসব নদীর পানি বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় তিস্তা নদী লালমনিরহাট, নীলফামারী ও রংপুর জেলার কিছু স্থানে সতর্ক সীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে এসব নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।


সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় কমেছে। আগামী একদিন পানি স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন আরও কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।


ব্রহ্মপুত্র নদের পানিও গত ২৪ ঘণ্টায় কমেছে। বিপরীতে যমুনা নদীর পানি বেড়েছে। তবে আগামী পাঁচ দিন যমুনার পানি কমতে পারে। অন্যদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি গত ২৪ ঘণ্টায় বেড়েছে, যা আগামী পাঁচ দিন অব্যাহত থাকতে পারে।


আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, আগামী তিন দিন সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন ঝাড়খণ্ডের ওপর একটি লঘুচাপ অবস্থান করছে।