পশ্চিম রেলের সিসিএমের বিরুদ্ধে বৃদ্ধা যাত্রীকে ধাক্কার অভিযোগ, রাজশাহীতে মানববন্ধন
ট্রেনের এসি কোচ থেকে এক বৃদ্ধা যাত্রীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগে পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক (সিসিএম) আহসানউল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয়রা।
রোববার (৯ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে ভবনে পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ৭ আগস্ট আবদুলপুর রেলওয়ে স্টেশনে ওই ঘটনার সূত্রপাত। ঈশ্বরদী থেকে রাজশাহী যাওয়ার জন্য ৭০ বছর বয়সী মনোয়ারা বেগমসহ পরিবারের পাঁচ সদস্য মহানন্দা এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন। তবে অতিরিক্ত ভিড়ের কারণে অসুস্থ ও বয়স্ক মনোয়ারা বেগম আবদুলপুর পর্যন্ত দাঁড়িয়ে ভ্রমণ করতে বাধ্য হন।
ভুক্তভোগী মনোয়ারা বেগমের পুত্রবধূ মোছাম্মৎ জান্নাতুল ফেরদৌসী (৩৮) বলেন, আবদুলপুরে পৌঁছানোর পর তারা দেখেন সিল্কসিটি এক্সপ্রেস স্টেশনে দাঁড়িয়ে আছে। মহানন্দা এক্সপ্রেসে প্রচণ্ড ভিড় থাকায় তার শাশুড়ি ওই ট্রেনে উঠতে পারেননি। এ কারণে পরিবারের সদস্যরা তাড়াহুড়ো করে সিল্কসিটি এক্সপ্রেসের একটি এসি কোচে ওঠেন।
ফেরদৌসীর অভিযোগ, ট্রেনটি আবদুলপুর ছাড়ার পর সিসিএম আহসানউল্লাহ ভূঁইয়া কয়েকজন টিটিই, একজন গার্ড ও একজন অ্যাটেনডেন্টকে সঙ্গে নিয়ে তাদের কাছে আসেন। তারা টিকিট দেখতে চান এবং কেন এসি কোচে উঠেছেন, তা জানতে চান।
‘আমাদের মহানন্দা এক্সপ্রেসের বৈধ টিকিট ছিল। কিন্তু ভিড়ের কারণে উঠতে না পারায় বাধ্য হয়ে সিল্কসিটি এক্সপ্রেসে উঠেছি—এ কথা জানাই। এরপর আমাদের কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হয় এবং এসি কোচ থেকে নেমে যেতে বলা হয়,—অভিযোগ করেন ফেরদৌসী।
তিনি আরও বলেন, একপর্যায়ে তার শাশুড়িকে কোচ থেকে নামিয়ে দেওয়ার সময় সিসিএম তাকে ধাক্কা দেন। এ সময় তিনি এর প্রতিবাদ করলে সিসিএম তাদের সঙ্গে অপমানজনক আচরণ করেন বলেও অভিযোগ করেন ফেরদৌসী।
এ ছাড়া ট্রেনের এক অ্যাটেনডেন্ট সিসিএমের প্রভাবের কথা উল্লেখ করে তাদের হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। পরিবারের আরেক সদস্য মোছাম্মৎ ঝুমুর আক্তারকেও ধাক্কা দেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
ঘটনার পর ফেরদৌসী ফোনে তার স্বামী মো. আবুল হোসেনকে বিষয়টি জানান।
পরে রাত সাড়ে ৯টার দিকে সিল্কসিটি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালে আবুল হোসেন, মো. বাবু (৫২)সহ পরিবারের সদস্য ও অন্যরা স্টেশনে যান।
পরিবারের দাবি, সিসিএমের সঙ্গে থাকা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য এবং স্টেশনে দায়িত্বে থাকা কয়েকজন সদস্য তাদের সঙ্গে আগ্রাসী আচরণ করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
পরে ভুক্তভোগী পরিবার পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদের কাছে বিষয়টি জানায়। পরিবারের দাবি, জিএম রোববার তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে সিসিএমের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা মানববন্ধন করেন।
মানববন্ধন থেকে বক্তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
তবে সিসিএম আহসানউল্লাহ ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।