বোদায় প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রেমিক নিহত

road accident
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১০ আগস্ট ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন সারা বাংলা
কুয়েল ইসলাম সিহাত, পঞ্চগড় প্রতিনিধিঃ ১০ আগস্ট ২০২৬ ০৪:৫০ অপরাহ্ন
বোদায় প্রেমিকাকে নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রেমিক নিহত
পঞ্চগড়ের বোদায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র রায় (২২) নামে এক প্রেমিকের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়ের বোদায় প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে সড়ক দুর্ঘটনায় স্বপন চন্দ্র রায় (২২) নামে এক প্রেমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা প্রেমিক সুমি রানী আহত হয়েছেন।

রবিবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত স্বপন বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের ধনিপাড়া গ্রামের উপেন চন্দ্র রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোদা উপজেলার মাড়েয়া থেকে বিকেলে প্রেমিকাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে পঞ্চগড়ের দিকে যাচ্ছিলেন স্বপন। তারা ফুটকিবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কে পড়ে যায়। দুর্ঘটনায় স্বপন ও তার সঙ্গে থাকা প্রেমিকা সুমি রানী আহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত স্বপনকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই বোদার সাকোয়া নামক স্থানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মারুফা বিনতে মতিন জানান, বিকেলে দুর্ঘটনায় আহত স্বপনকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে সেখানে নেওয়ার আগেই পথেই তার মৃত্যু হয়।

বোদা থানার অফিসার ইনচার্জ মো. সোয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্রের মৃত্যু হয়েছে।

তিনি জানান, নিহত যুবক ও তার সঙ্গে থাকা তরুণী প্রেমিক-প্রেমিকা ছিলেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

নিহতের খালাতো ভাই জানান, স্বপন ও তার প্রেমিকা সুমি রানীর সাথে কিছুদিনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। তারা ঘুরতে বের হয়েছিলেন। পথে দুর্ঘটনার শিকার হয়ে স্বপনের মৃত্যু হয়।